হিজাব না পরে গান গাওয়ার শাস্তি! ইরানি গায়িকাকে ৭৪ ঘা চাবুক মারল সরকার
হিজাব না পরে মঞ্চে গান গাওয়ার অভিযোগে ইরানের গায়িকা পরাস্তু আহমেদিকে ৭৪ ঘা চাবুক মারার সাজা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাঁকেই নয়, তাঁর দলের সদস্যদেরও একই শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের উপর দুবছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বর মাসে। সেই সময় নিজের ইউটিউব চ্যানেলে ২৭ মিনিটের একটি কনসার্টের ভিডিও প্রকাশ করেছিলেন পরাস্তু। সেই ভিডিওতে হিজাব ছাড়াই হাতকাটা পোশাকে চার জন পুরুষ শিল্পীর সঙ্গে মঞ্চে গান গাইতে দেখা যায় তাঁকে। ইরানের জনপ্রিয় দেশাত্মবোধক গান আজ খুনে জাভানানে ওয়াতান পরিবেশন করেছিলেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই হিজাব বিধি অমান্য করার অভিযোগ ওঠে গায়িকার বিরুদ্ধে।এর পর পরাস্তু এবং তাঁর দলের বিরুদ্ধে জনসমক্ষে হিজাব ছাড়া গান গাওয়া এবং ইরানের কর্তৃপক্ষের চোখে আপত্তিকর বিষয়বস্তু তৈরির অভিযোগ আনা হয়। ২০২৬ সালের জুন মাসে কোম শহরের একটি আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে। সেই রায়ের ভিত্তিতেই সোমবার ৭৪ ঘা চাবুক মারার সাজা কার্যকর করা হয়েছে বলে খবর।সাজা বাতিল বা কমানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরাস্তু ও তাঁর দলের সদস্যেরা। কিন্তু গত সেপ্টেম্বর মাসে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়। পরাস্তুর আইনজীবী জানিয়েছেন, সাজা আটকানোর জন্য তাঁরা সব রকম চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।চাবুক মারার সাজা ছাড়াও পরাস্তু ও তাঁর দলের উপর আরও দুটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী দুবছর তাঁরা কোনও সাংস্কৃতিক বা সংশ্লিষ্ট কার্যকলাপে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়েছে। একই সঙ্গে এই সময়ের মধ্যে ইরান ছেড়ে বিদেশে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা থাকবে তাঁদের। হিজাব বিধি না মেনে গান গাওয়ার অভিযোগে এক গায়িকার উপর এমন শাস্তির ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

